প্রতিদিনের ডেস্ক
মোবাইল ডিভাইসের জন্য নতুন অ্যাকসেসরিজ বাজারজাতে কাজ করছে স্যামসাং। প্রাপ্ত তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ওয়্যারলেস পাওয়ার ব্যাংক বাজারজাতে কাজ করছে। খবর গিজমোচায়না।
জার্মানির একটি খুচরা দোকানে নতুন এ পাওয়ার ব্যাংকের বিষয়ে প্রথম তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিভাইসটির ছবি ও বিস্তারিত তথ্যও শেয়ার করা হয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এস২৪ লাইনআপের সঙ্গে নতুন দুটি পাওয়ার ব্যাংক উন্মোচন করতে পারে স্যামসাং। টুইটের তথ্যানুযায়ী, এ দুটির মধ্যে একটি ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের। এতে আকর্ষণীয় ম্যাট ডিজাইন দেয়া হয়েছে। এর মডেল নাম্বার ইবি-ইউ২৫১০।
স্যামসাংয়ের ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ওয়্যারলেস পাওয়ার ব্যাংকে দুটি ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে ব্যাটারির চার্জ সম্পর্কে জানা যাবে। কোম্পানির দাবি একটি ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে পাওয়ার ব্যাংকটি ২৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা দিতে পারবে। তবে দুটি পোর্ট একত্রে ব্যবহার করা হলে ১০ ওয়াট চার্জিং সক্ষমতা পাওয়া যাবে। এটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে উপরের দিকে থাকা ওয়্যারলেস চার্জিং প্যাড। সার্বিক হিসাবে নতুন এ পাওয়ার ব্যাংক ৭ দশমিক ৪ ওয়াট গতিতে একত্রে তিনটি ডিভাইসকে চার্জ দিতে পারবে। পাওয়ার ব্যাংকটির বাজারমূল্য ৩৯ দশমিক ২৬ ইউরো বা ৪৩ ডলার। এটি ছাড়াও কোম্পানিটি ২০ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের আরো একটি পাওয়ার ব্যাংক আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

