২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে উপকূলবাসীর মানববন্ধন

উৎপল মণ্ডল, শ্যামনগর
“শতকোটি রুখে দাঁড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছে উপকূলবাসী। কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) আওতায় রোববার (১১ ফেব্রুয়ারি) শ্যামগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে এই মানববন্ধনের আয়োজন করে। বুড়িগোয়ালিনী এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপকূলের নারী মুসলিমা খাতুন। তিনি বলেন, অভাবের কারণে পারিবারিক নির্যাতন বা নারীর প্রতি নির্যাতন হয়। তবে অন্যান্য কারণেও নারী ও শিশুর প্রতি নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা নারী-পুরুষ সকলে সচেতন হলে এই নির্যাতন ও সহিংসতা বন্ধ হবে। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে আছিয়া আক্তার বলেন, এই মানববন্ধনের উদ্দেশ্য হলো নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করা। পাশাপাশি শিশুর প্রতিও সকল প্রকার সহিংসতা রোধ করা। আমি ও আপনি সচেতন হলেই এগুলো বন্ধ হবে। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আবিয়ার সর্দার বলেন, নারী নির্যাতন ও শিশুর প্রতি নির্যাতন আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলে জেগে উঠলে একটা সমাধান হবে। মানববন্ধনে অংশগ্রহণকারী উপকূলবাসী নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে প্রতিবাদ জানায়। এসময় তারা দাবি করেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জনমত গঠন করুন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগ করুন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়