প্রতিদিনের ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবটের ডেমো সংস্করণ প্রকাশ করেছে এনভিডিয়া। কোম্পানির তথ্যানুযায়ী, এনভিডিয়ার গ্রাফিকসযুক্ত কম্পিউটারেই শুধু এটি ব্যবহার করা যাবে। অফলাইনে ব্যবহারের সুবিধা থাকায় এটি আরো ভালোভাবে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। খবর এনগ্যাজেট।
চ্যাট উইথ আরটিএক্স নামে পরিচিত চ্যাটবটটি ব্যবহারকারীর কম্পিউটারের ডাটার সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি কম্পিউটারে থাকা লোকাল ফাইলগুলো স্ক্যান করতে পারবে। চ্যাটবটটি টেক্সট, পিডিএফ এবং ডকএক্সের মতো বিভিন্ন ফাইল টাইপ সমর্থন করে। এনভিডিয়া জানায়, এটি প্রশ্ন অনুযায়ী প্রাসঙ্গিক ফাইল মুহূর্তের মধ্যে খুঁজে বের করতে সক্ষম।
আরো প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যবহারকারীরা চাইলে ইউটিউব ভিডিওর লিংক যুক্ত করতে পারবে। এতে ব্যবহারকারীর ইনপুট দেয়া ভিডিওগুলোর ওপর ভিত্তি করে চ্যাটবট পরামর্শ দিতে পারবে। প্রাথমিক পরীক্ষায় পর্যালোচকরা বলছেন, আরটিএক্সের চ্যাটবটটি সাংবাদিক বা গবেষকদের বিশ্লেষণী কাজে সহায়তা করতে পারে। যেহেতু এটি স্থানীয়ভাবে কম্পিউটারে কাজ করে, সেজন্য সব তথ্য গোপন থাকে। এজন্য ব্যক্তিগত ডাটা ক্লাউডে পাঠানোর বা সংরক্ষণের প্রয়োজন হয় না। কিন্তু প্রাথমিক ডেমো বিল্ডে থাকায় চ্যাটবটটিতে এখনো কিছু ত্রুটি রয়ে গেছে বলে জানিয়েছে এনভিডিয়া।
চ্যাটবট চালাতে কম্পিউটারে কমপক্ষে ৮ গিগাবাইট ভির্যাম হাই-এন্ড এনভিডিয়ারগ্রাফিকস কার্ড থাকতে হবে বলে সূত্রে জানা গেছে। চ্যাটবটটি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে সবার ব্যবহারের জন্য চালু করা হবে সে বিষয়ে কোম্পানি কিছু জানায়নি।

