প্রতিদিনের ডেস্ক
নিরাপত্তানির্ভর অনলাইন ব্রাউজার ডাকডাকগো এখন থেকে ব্যবহারকারীদের বিভিন্ন প্লাটফর্মের ডিভাইসজুড়ে বুকমার্ক ও পাসওয়ার্ড সিঙ্ক করার ফিচার এনেছে। এর মাধ্যমে একাধিক ডিভাইসে ব্যবহারকারীরা ব্রাউজারের বুকমার্ক ও পাসওয়ার্ড সরাসরি সিঙ্ক করতে পারবে। খবর টেকক্রাঞ্চ।
ডাকডাকগো ব্রাউজারের বুকমার্ক ও পাসওয়ার্ড সিঙ্ক করার জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট তৈরি বা সাইন ইন করার দরকার নেই। ফিচারটি ডাকডাকগোর প্রাইভেসি নীতিমালার সঙ্গে মিল রেখে বানানো হয়েছে। এ ফিচারের জন্য ডাকডাকগোর ব্যবহারকারীদের বুকমার্ক বা পাসওয়ার্ড কোনো সার্ভারে সংরক্ষণ করবে না।
সিঙ্ক ফিচার বেশির ভাগ উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোনসহ সব ডিভাইসে কাজ করবে। তাই একজন ব্যবহারকারী ভিন্ন ভিন্ন প্লাটফর্ম ব্যবহার করলেও ডাকডাকগো ব্রাউজারের মধ্যে বুকমার্ক ও পাসওয়ার্ড সহজেই শেয়ার করতে পারবে। ফলে পৃথক পাসওয়ার্ড ম্যানেজারের প্রয়োজন পড়বে না।
সিঙ্ক ও ব্যাকআপ ফিচার চালু করতে ব্রাউজারের সেটিংস অপশনে গিয়ে সিঙ্ক এবং ব্যাকআপ অপশন ক্লিক করতে হবে। তারপর অন্য ডিভাইসের সঙ্গে সিঙ্ক করার অপশন সিলেক্ট করে পরবর্তী নির্দেশাবলি অনুসরণ করতে হবে। ব্যবহারকারীরা চাইলে মোবাইলে একটি কিউআর কোড বা ডেস্কটপে কোড লিখেও ফিচারটি ব্যবহার করতে পারবে। ফিচারটি একবার সেটআপ হয়ে গেলে ব্যবহারকারীর সব সিঙ্ক হওয়া ডিভাইসগুলো একসঙ্গে দেখা যাবে।

