২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের মালিকসহ ৪ জন কারাগারে

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলায় চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।তারা হলেন- ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল, কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জেইন উদ্দিন জিসান এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন।সোমবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন দুদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কাচ্চি ভাইয়ের ম্যানেজার জেইন উদ্দিন জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য মঙ্গলবার (৫ মার্চ) দিন ধার্য করেন।
শনিবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনছার রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। তাদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে এবং সর্বশেষ খবর অনুযায়ী ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (১ মার্চ) অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়