প্রতিদিনের ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ, সিস্টেম এবং সফটওয়্যার তৈরির দিক থেকে এনভিডিয়া পরিচিত। প্রতিনিয়ত নতুন চিপ তৈরিতে কাজ করছে কোম্পানিটি। এর অংশ হিসেবে এবার গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে পরবর্তী প্রজন্মের এআই চিপ বি ১০০ উন্মোচন করতে যাচ্ছে বলে সূত্রে জানা গেছে। খবর গিজমোচায়না।
সাম্প্রতিক সময়ে এনভিডিয়ার বাজার মূলধন ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা এআই চিপের ঊর্ধ্বমুখী চাহিদার কারণে ২০২৪ সালে এনভিডিয়ার আয় দ্বিগুণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। যার পরিপ্রেক্ষিতে নতুন চিপ আনতে এনভিডিয়া কাজ করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
জিটিসিতে এনভিডিয়া তাদের বি ১০০ চিপ উন্মোচন করবে। এনভিডিয়া নতুন বি ১০০ চিপের মূল্য ২০ হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মূলত বি ১০০ হলো এনভিডিয়ার এআই প্রসেসরের পরবর্তী প্রজন্ম চিপ, যা আগের প্রজন্মের চিপগুলোর চেয়ে আরো শক্তিশালী ও উন্নত পারফরম্যান্সের দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এনভিডিয়ার ভবিষ্যতের এআই সিস্টেমগুলো বি ১০০ চিপ দিয়ে চলবে।
কিছু বিশ্লেষক এনভিডিয়ার উচ্চ শেয়ারদর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করেন, অতিমাত্রায় আশাবাদী আয়ের প্রাক্কলন ভবিষ্যতে কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে এআই চিপের চাহিদা এখনো ঊর্ধ্বমুখী।

