রেজাউল করিম, লোহাগড়া
রাস্তায় নাড়া কলাই গাড়ীর চাকায় পেঁচিয়ে আগুন ধরে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্সের একটি প্রাইভেট কার পুঁড়ে গেছে। শনিবার দুপুরে কালিয়ার বাঐসোনা ইউনিয়নের পূর্ব রামপুর গ্রামের রফিক শেখের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ীতে থাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে ব্যর্থ হলে কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা জানান, রাস্তার উপর এভাবে রবি শষ্য শুকানোর কারণে প্রতি বছর যানবাহন দুর্ঘটনায় অনেক প্রান অকালে ঝরে যায়। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা। নড়াগাতী থানা ছাত্র লীগের সভাপতি মঞ্জুর চৌধুরী বলেন, তার বাড়ীর কাছেই এ দুর্ঘটনাটা ঘটেছে। গাড়ীর চাকায় কলাইয়ের কাকচা পেঁচিয়ে সাইলেন্সারের সাথে মিশে আগুন লেগে যায়। আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গাড়ীতে থাকা চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্স বলেন, রাস্তায় উচু করে কলাই নেড়ে দেওয়া ছিল,সে কলাই চাকায় পেঁচিয়ে গাড়ী সম্পূর্ণ জ্যাম হয়ে আগুন ধরে যায়। দ্রুত লক খুলে আমরা বেরিয়ে আসি। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার জাকির হোসেন বলেন, দুপুর ১২:৫০ মিনিটে আমরা পূর্ব রামপুরায় আগুন লেগেছে মর্মে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনি। সড়কে শুকাতে দেওয়া কলাই থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনায় একটি টয়োটা স্কয়ার গাড়ী পুঁড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

