২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পল্লবীতে ফয়সাল হত্যা: আরও পাঁচ জন গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর মিরপুর পল্লবী থানাধীন সাড়ে ১১ নম্বর এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিপক্ষ গ্যাং গ্রুপের হামলায় নিহত হয় তরুণ ফয়সাল। এরইমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বেই তার ‍মৃত্যু হয়েছে। প্রায় একই রকম তথ্য জানালো পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।প্রকাশ্যে নৃশংসভাবে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নরসিংদী ও গাজীপুর থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা হলো— মো. আকাশ ওরফে টান আকাশ (২২), ফজলে রাব্বি ওরফে হিটার রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২০), মো. ইমরান (২৫), মো. রাসেল কাজী (২৪) ও নয়ন (২৫)। সংস্থাটি বলছে, এদের মধ্যে রাব্বি ওরফে গালকাটা রাব্বি ও মো. আকাশ ওরফে টান আকাশ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী।শুক্রবার (২২ মার্চ) নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর রাব্বি ও আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল সংলগ্ন একটি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।শনিবার (২৩ মার্চ) রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত ১৬ মার্চ সন্ধ্যায় পল্লবী এলাকায় কতিপয় দুর্বৃত্ত প্রকাশ্যে কুপিয়ে ফয়সাল নামে এক যুবককে হত্যা করা হয় চাঞ্চল্যকর এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৪ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।এর আগে একই ঘটনায় রাজধানীর বিভিন্ন এলাকা ও পটুয়াখালী ও নেত্রকোনায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। শুক্রবার (২২ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়