প্রতিদিনের ডেস্ক
বিভিন্ন সংকটের কারণে বৈশ্বিক প্রযুক্তি খাত দীর্ঘদিন ধরে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর মধ্যে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধের অন্যতম একটি সংকট। সম্প্রতি চীনের গ্রাহকের জন্য চিপ তৈরির টুলের মেরামত বন্ধে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের একজন কর্মকর্তা সম্প্রতি বলেছেন, এটি চীনের উন্নত চিপ তৈরির সক্ষমতাকে নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্র ২০২২ সালে উন্নত চীনা চিপ কারখানাগুলোয় আমেরিকান তৈরি চিপ তৈরির টুলের ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করে। এর পাশাপাশি চিপ তৈরির টুল নির্মাতা দেশ জাপান ও নেদারল্যান্ডসকেও একই পথ অনুসরণ করতে রাজি করায় যুক্তরাষ্ট্র।
মূলত নতুন বিধিনিষেধের কারণে চীনের আগের থেকে কেনা চিপের টুলগুলো মেরামত করে দেয়া এখন মার্কিন কোম্পানিগুলোর জন্য কঠিন হয়ে উঠেছে। তবে ডাচ্ ও জাপানি কোম্পানিগুলোর ক্ষেত্রে অনুরূপ বিধিনিষেধ অন্তর্ভুক্ত ছিল না। এ কারণেই এখন যুক্তরাষ্ট্র তার মিত্রদের চিপ নির্মাণের টুল মেরামত না করার আহ্বান জানিয়েছে। সম্প্রতি রফতানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ চিপের টুল মেরামত প্রসঙ্গে বলেন, ‘আমরা কোনটি গুরুত্বপূর্ণ মেরামত ও কোনটি গুরুত্বপূর্ণ মেরামত নয়, তা নির্ধারণে আমাদের মিত্রদের সঙ্গে কাজ করে যাচ্ছি।
বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের প্রযুক্তি বিরোধের কারণেই যুক্তরাষ্ট্র চিপ তৈরিতে নানা বিধিনিষেধ আরোপ করছে। উন্নত চিপ তৈরি নিয়ন্ত্রণ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনকে তার সামরিক শক্তি বাড়ানো থেকে আটকানোর চেষ্টা করছে।

