প্রতিদিনের ডেস্ক
রিলস ফিডে নতুন ফিচার আনতে কাজ করছে ইনস্টাগ্রাম। ফিচারটি চালু হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করা ভিডিওর সূত্র ধরে ফিডে নতুন কনটেন্ট সাজেশন হিসেবে দেখানো হবে। খবর এনগ্যাজেট।
মেটা মালিকানাধীন প্লাটফর্মটির ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি ফিচারটির বিষয়ে জানিয়েছেন। এটি ব্লেন্ড নামে প্রকাশ্যে আসতে পারে। সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ইনস্টাগ্রাম জানায়, অভ্যন্তরীণ পর্যায়ে ব্লেন্ডের পরীক্ষা চালানো হচ্ছে এবং এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি।
ফিডে নতুন ভিডিও সাজেশন দেয়ার ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বিশ্লেষকদের মতে, ইনস্টাগ্রামে একজন ব্যবহারকারী বন্ধুর সঙ্গে যেসব ভিডিও শেয়ার করে থাকে সে রকম আরো কনটেন্ট ফিডে আসবে। দুজন একই সঙ্গে এসব কনটেন্ট দেখতে পারবে। যেখানে আগে কনটেন্ট দেখার পর পুনরায় তা বন্ধুর সঙ্গে শেয়ার করতে হতো।
ব্লেন্ড মূলত ভিডিও দেখার বিষয়টি শনাক্ত করবে এবং পারস্পরিক কথোপকথন শুরু করতে সহায়তা করবে। ইনস্টাগ্রাম এটি নিয়ে কাজ করলেও টিকটকে এমন কোনো সুবিধা নেই বলেও প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে। সে হিসেবে বন্ধুদের সঙ্গে কোনো ভিডিও একত্রে দেখার ক্ষেত্রে ব্লেন্ড সুবিধা দেবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।

