চিপ উৎপাদন করে ইন্টেলের লোকসান ৭০০ কোটি ডলার

প্রতিদিনের ডেস্ক
সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন খাতের শীর্ষে উঠে আসতে প্রতিযোগিতায় রয়েছে ইন্টেল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে এ প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে কোম্পানিটি গত বছর ৭০০ কোটি ডলার লোকসান গুনেছে। খবর রয়টার্স।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের চিপ কোম্পানিটি পরিচালন লোকসানের তথ্য প্রকাশ করেছে। তথ্যানুযায়ী, ২০২৩ সালে কোম্পানি ৭০০ কোটি ডলার লোকসান করেছে। যেখানে এর আগের বছর লোকসানের পরিমাণ ছিল ৫২০ কোটি ডলার। অন্যদিকে ফাউন্ড্রি ব্যবসা থেকে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ডলার, ২০২২ সালে যার পরিমাণ ছিল ২ হাজার ৭৪৯ কোটি ডলার।
বিনিয়োগকারীদের সামনে আয় প্রতিবেদন প্রকাশের সময় কোম্পানির প্রধান নির্বাহী প্যাট গেলসিঙ্গার জানান, ২০২৪ সালেও ফাউন্ড্রি ব্যবসা সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে। তিনি জানান, কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইন্টেলের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক বছর আগে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান এএসএমএলের কাছ থেকে এক্সট্রিম আল্ট্রাভায়োলেট মেশিন গ্রহণ না করার সিদ্ধান্ত অন্যতম। এসব মেশিন ক্রয়ে ১৫ কোটি ডলারের বেশি খরচ হলেও সামগ্রিকভাবে তা আগের টুলগুলোর তুলনায় সাশ্রয়ী হতো।
গেলসিঙ্গার জানান, ভুল উদ্যোগের কারণে গত বছর টিএসএমসির কাছ থেকে ৩০ শতাংশ ওয়াফার সংগ্রহ করেছে ইন্টেল। চলতি বছর তা ২০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। বর্তমানে ইন্টেল চিপ উৎপাদনে ইউভি টুল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে আগের তুলনায় আরো বড় পরিসরে উৎপাদন চাহিদা পূরণ করা যাবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের চারটি প্রদেশে ১০ হাজার কোটি ডলার ব্যয়ে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে এ প্রযুক্তি জায়ান্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়