আবু সাঈদ মারুফ
আজ (৫ এপ্রিল) ২৫ রমজান। নাজাতের পঞ্চম দিন। রমজানের শেষ ১০ দিনে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে উত্তম। রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো।’ (বুখারি)। পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ও জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। (আল ইমরান-১৮৫)। রাসূল (সা.) বলেছেন, ’রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং রমজানের প্রতি দিবারাত্রিতে প্রত্যেক মুসলমানের একটি দোয়া কবুল হয়। (বুখারি)। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে নেক আমল করতে হবে। এ ছাড়া গোটা রমজান জুড়ে হজরত মুহাম্মদ (সা.) চারটি কাজ অধিক হারে করার জন্য বলেছেন। কালেমার জিকির, ইস্তেগফার, জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করা। রমজানের এই শেষ ১০ দিনে এ চারটি কাজ বেশি বেশি করতে হবে। সর্বোপরি নিজের গোনাহের জন্য কান্নাকাটি করে দোয়া করতে হবে। কারণ আল্লাহর ভয়ে ক্রন্দনরত মানুষের চোখের পানি আল্লাহ তায়ালা বড় বেশি পছন্দ করেন।
পবিত্র রমজান মাসের ২৫তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
اَللّـهُمَّ اجْعَلْنی فیهِ مُحِبَّاً لاَِوْلِیائِکَ، وَمُعادِیاً لاَِعْدائِکَ، مُسْتَنّاً بِسُنَّةِ خاتَمِ اَنْبِیائِکَ، یا عاصِمَ قُلُوبِ النَّبِیّینَ .
উচ্চারণ: ‘আল্লাহুম্মাজ্ আ’লনী ফি-হি মুহিব্বাল্ লিআওলিয়া-ইক্, ওয়া মুআ’দিয়াল্ লিআ’দা-য়িক্, মুসতান্নান্ বিসুন্নাতি খ-তামি আন্-বিইয়া-ইক্, ইয়া আ’সিমা ক্বুলু-বিন্ নাবিয়্যিন।’
অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমাকে তোমার বন্ধুদের বন্ধু এবং তোমার শত্রুদের শত্রু করে দাও। তোমার আখেরী নবীর সুন্নত ও পথ অনুযায়ী চলার তৌফিক আমাকে দান কর। হে নবীদের অন্তরের পবিত্রতা রক্ষাকারী। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

