প্রতিদিনের ডেস্ক:
বড় ধরনের তথ্য চুরির শিকার হয়েছে ভারতের ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বোট। কোম্পানিটির ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে। খবর গিজমোচায়না।তথ্য চুরির এ ঘটনার বিষয়ে ফোর্বস ইন্ডিয়া প্রথম জানতে পারে। এর মধ্যে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, ই-মেইল, কাস্টমার আইডি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফোর্বস ইন্ডিয়ার তথ্যানুযায়ী, চলতি মাসের ৫ তারিখ বোটের সার্ভারে এ হামলার ঘটনা ঘটেছে। শপিফাইগাই নামের এক হ্যাকার হামলার বিষয়টি স্বীকার করেছে।
সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের তথ্যানুযায়ী, হামলায় যাদের তথ্য চুরি হয়েছে তার অনৈতিক আর্থিক লেনদেন, ফিশিং আক্রমণসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সাইবার নিরাপত্তা ও ঝুঁকি গবেষক সৌম্য শ্রীভাস্তাভা বলেন, ‘তথ্য চুরির ঘটনায় বোট গ্রাহকদের আস্থা হারাবে এবং মামলার মুখোমুখি হতে পারে।’
নেটএনরিচের সিনিয়র থ্রেট অ্যানালিস্ট রাকেশ ক্রিশনান জানান, ডার্ক ওয়েব ফোরামে ফাঁস করার অনেক আগেই হয়তো হ্যাকাররা তথ্য হাতিয়ে নিয়েছে। সিকিউরিটি ব্রিগেডের প্রতিষ্ঠাতা ইয়াশ কাদাকি বলেন, ‘ডার্ক ওয়েবের বিভিন্ন ফোরামে এসব তথ্য পাওয়া যাচ্ছে। স্ক্যামাররা ২ ইউরো খরচ করে এসব তথ্য কিনে স্ক্যাম পরিচালনা করতে পারে।’

