২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গাবুরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় নদীরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি নামক স্থানে প্রায় ২০০ ফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দেয়। এরপর ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।
গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের মিজানুর রহমান ও শামসুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে গাবুরার বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। তবে কপোতাক্ষ নদের বৈদ্যবাড়ি, গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় বেড়িবাঁধ ভাঙন রোধে এখনো কোনো জিওব্যাগ দেওয়া হয়নি। এ কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে বৈদ্যবাড়ি, পরে গাজিবাড়ি ও মালিবাড়ি এলাকায় ভাঙন দেখা দেয়। তিন স্থানে ভাঙনের পরিমাণ প্রায় ২০০ ফুট। ভাঙন ক্রমেই বাড়ছে। এ অবস্থা অব্যাহত থাকলে বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। এতে ঘরবাড়ি, কৃষিজমি ও মাছের ঘের সবকিছু ভেসে যাবে। তারা আরও জানান, ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজাকে তাৎক্ষণিকভাবে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড-১ এর সেকশন অফিসার প্রিন্স রেজা জানান, তারা ঈদের ছুটিতে রয়েছেন। অফিসে ফিরে বেড়িবাঁধের ফাটল সংস্কারের উদ্যোগ নেবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়