২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনায় সোয়া কোটি টাকার সোনাসহ যুবক আটক

খুলনা প্রতিনিধি
খুলনায় ১২টি স্বর্ণের বারসহ মাসুম বিল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহানগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে ঢাকা-সাতক্ষীরাগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন- খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম। আটক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাকড়া গ্রামের আলম গাজীর ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। ওই বাসের যাত্রী মাসুম বিল্লাহর জুতার নিচে কৌশলে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এই চোরাচালানের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। এ ঘটনায় লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়