সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল

প্রতিদিনের ডেস্ক
কয়েক বছরের ব্যবধানে বলিউডে নিজের পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন ম্রুনাল ঠাকুর। বিভিন্ন ছবিতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। দর্শকও দিচ্ছে ভালোবাসা। তবে এর মাঝেও সমালোচনার তীর আসে তেড়ে, বিদ্ধ করে তাকে। মূলত শারীরিক গড়নের জন্য নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করেন ম্রুনালকে। তার ‘পিয়ার-শেপ’ গড়ন নিয়েই তাদের আপত্তি। তবে ম্রুনাল মনে করেন, সৌন্দর্যের পথে শারীরিক গঠন কখনও মাপকাঠি হতে পারে না। ম্রুনাল বলেন, ‘আমি নিজেকে প্রদর্শনের মাধ্যমেই সৌন্দর্যের সংজ্ঞা বদলে দেবো। আগে, আমি স্কিন-ফিট পোশাক পরতে খুব ভয় পেতাম। কিন্তু এখন, এটা আমার কাছে একদমই স্বাভাবিক। এমনকি ছোট টপ পরতেও দ্বিধা করি না। সৌন্দর্যের মান নির্ধারণে কেন কার্দাশিয়ানদেরই লাগবে? ভারতের রাস্তায় চলাচলকারী প্রতিটি নারী এমন (পিয়ার-শেপ), তারা খুবই সুন্দরী।’

 কিছু দিন আগে আরেক অভিনেত্রী মোনা সিং জানিয়েছেন, তিনি তার ডিম্বানু সংরক্ষণ করবেন। এ বিষয়টির সূত্র ধরে সম্পর্ক ও সঙ্গীর ভারসাম্য নিয়ে ম্রুনাল বলেছেন, ‘সম্পর্ক, আমি জানি এটা কঠিন। এ জন্যই একজন উপযুক্ত সঙ্গী প্রয়োজন, যিনি আপনার কাজের ধরণ বুঝতে পারবেন। আর ডিম্বানু সংরক্ষণ? হ্যাঁ, আমি নিজেও এটা নিয়ে ভাবছি।’ আরও একটি প্রসঙ্গ উঠে আসে ওই সাক্ষাৎকারে। তা হলো, সোশ্যাল মিডিয়া; যেখানে মানুষ নিজেকে কেবল সুখী, পারফেক্ট দেখানোর নেশায় ডুবে থাকে। এই প্রসঙ্গে ম্রুনালের ভাবনা এরকম, ‘আমার এমনও দিন গেছে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করতো না। তবু উঠতাম, নিজের জন্যই। এই অবসন্নতা এক দিন, দুই দিন করে সপ্তাহ-মাস গড়িয়েছে। কিন্তু পরিবার ছাড়া কেউই আপনার খেয়াল রাখবে না। সুতরাং খারাপ দিন আপনার জীবনে আসবেই, আর এটা অস্বাভাবিক কিছু না।’ প্রসঙ্গত, ম্রুনাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ফ্যামিলি স্টার’ ছবিতে। যেখানে তিনি অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়