৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রুপদিয়ায় গভীর রাতে যুবকের রহস্যজনক মৃত্যু

রুপদিয়া প্রতিনিধি
যশোর সদর উপজেলার রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর ভেতরের জঙ্গল থেকে গুরুতর আহত অবস্থায় মিলন হোসেন (২৫) নামে এক যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে, একাডেমির জঙ্গলের মধ্য থেকে তাকে উদ্ধার করে নরেন্দ্রপুর ফাঁড়ির পুলিশ। নিহত মিলন যশোর সদর উপজেলার পদ্মবিলা-শাখাঁরীগাতী গ্রামের সেলিম হোসেনের ছেলে। ওয়েলফেয়ার একাডেমীর নাইট গার্ড সুমন হোসেন জানান, ২৮ এপ্রিল রাত ১ টার দিকে ওয়েলফেয়ার একাডেমির বাউন্ডারির জঙ্গলের ভেতর থেকে মানুষের গোঙ্গানোর শব্দ আসে, সেই শব্দ শুনে তিনি এগিয়ে যান। এসময় দেখতে পান এক যুবক গুরুতর আহত অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে । তাৎক্ষণিক স্কুলের প্রধান শিক্ষককে ঘটনাটি জানালে তিনি নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্কুলের নাইট গার্ড সুমনের সহযোগিতায় মিলন হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একঘন্টা পর মিলন হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এস আই আজাদ হোসেন জানান, রাত একটার দিকে তাৎক্ষণিক খবর পেয়ে আমরা মিলনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি , চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু ঘটে। তবে তার মৃতের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। পোস্টমোর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত মিলনের লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়