পাঁচ দিনে সাইফ পাওয়ার টেকের দাম বাড়লো ২৮৮ কোটি টাকা

প্রতিদিনের ডেস্ক:
গত সপ্তাহে লেনদন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। এরপরও সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যাক প্রতিষ্ঠান। বেড়েছে সবকটি মূল্য সূচক। সপ্তাহটিতে দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বেশি দাপট দেখয়েছি সাইফ পাওয়ার টেক।গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে চলে আসে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই কোম্পানিটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৮৮ কোটি টাকার বেশি।গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪২ দশমিক ৪৬ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮৮ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৭ টাকা ৯০ পয়সা।শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২১ সালে ১০ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার, ২০২০ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৯ সালে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।শেয়ারের এই দাম বাড়ার আগে কোম্পানিটির শেয়ার দামে বড় পতন হয়। গত ১৮ জানুয়ারি কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৭০ পয়সা। এরপর টানা দাম কমে ২৯ জানুয়ারি ২০ টাকায় নেমে আসে। এখন থেকে আবার দাম বেড়ে ২৭ টাকা ৪০ পয়সায় উঠে। তবে এরপর আবার ধারাবাহিকভাবে দাম কমে ৩০ এপ্রিল ১৭ টাকা ৮০ পয়সার নেমে যায়। সেখান থেকে এখন আবার দাম বাড়তে দেখা যাচ্ছে।২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৭৯ কোটি ৩৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার ৬৪৮টি। এর মধ্যে ৪০ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক ১০ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার আছে।
সাইফ পাওয়ার টেকেরে পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল ফারইস্ট নিটিং। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ। ৩১ দশমিক ২২ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে মিথুন নিটিং।এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা, জি কিউ বলপেনের ২৭ দশমিক ৬৭ শতাংশ, গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ, রূপালী ব্যাংকের ১৯ দশমিক ৯১ শতাংশ, গ্লোবাল হেবি কেমিক্যালের ১৯ দশমিক ৮২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮ দশমিক ৪১ শতংশ এবং আইপিডিসি ফাইন্যান্সের ১৮ দশমিক ১৮ শতাংশ দাম বেড়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়