প্রতিদিনের ডেস্ক
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড কেমন হবে, সেটি আগে থেকে অনেকটাই অনুমিত ছিল। জল্পনা-কল্পনা ছিল মূলত দুটি জায়গায়। প্রথমটি হলো- চোটে পড়া তাসকিন আহমেদকে রাখা হবে কীনা? অর্থাৎ বিশ্বকাপের আগে চোট থেকে তিনি ফিরতে পারবেন কীনা। আর দ্বিতীয়টি হলো- মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিম সাকিবের মধ্যে কে জায়গা পাবেন স্কোয়াডে? অবশেষে দুটি প্রশ্নেরই উত্তর মিলেছে। দলে সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন তাসকিন। আর সাইফুুদ্দিনকে ছিটকে ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে যাচ্ছেন তানজিম সাকিব। সাইফউদ্দিনকে বাদ দিয়ে তানজিম সাকিবকে দলে নেওয়ায় অনেকেই খানিক বিস্মিত হয়েছেন। বিষয়টি নিয়ে ক্রিকেটভক্তরা যে প্রশ্ন তুলবেন, তা যেন আগে থেকেই জানতেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সে কারণে দল ঘোষণার সময়ই বাংলাদেশের ক্রিকেটভক্তদের প্রশ্নের উত্তরও দিয়েছেন লিপু। সাইফউদ্দিনকে কেন বাদ দেওয়া হয়েছে, তার ব্যাখ্যায় লিপু একটা কথা জোর দিয়ে বলেন। তা হলো- ‘সাইফউদ্দিন প্রয়োজনের সময় ইয়র্কার লেন্থ ডেলিভারি করতে পারেনি। তাই মার খেয়েছে।’ লিপুর এমন কথা শুনে মনে হচ্ছে, সময়তো নিজের দক্ষতা দেখাতে পারেননি সাইফুদ্দিন। অর্থাৎ ইয়র্কার করতে পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে দরকারের সময় কাজের কাজ করতে পারেননি তিনি। যে কারণে নির্বাচকদের ধারণা করছেন- সাইফুদ্দিনের জায়গাটায় তানজিম সাকিবই বেটার অপশন।

