নিয়ামত আলী, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিয়োগ প্রক্রিয়া ভন্ডুল হয়ে গেছে। রোববার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ২৬৬ তম সিন্ডিকেট সভায় সদস্যদের বিরোধিতার কারণে তা ভন্ডুল হয়ে যায়। সভা সূত্রে জানা যায়, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনের শিক্ষা ছুটি ও মেগা প্রকল্পে অনিয়মের তদন্ত প্রতিবেদনের বিষয় পূর্ব নির্ধারিত আলোচ্যসূচিতে ছিল এবং নিয়োগ ও পদোন্নতির বিষয়ে বোর্ড টেবিলে এজেন্ডা আলোচনা করার কথা ছিল। তবে পূর্বে নিয়োগের বিষয় আলোচ্যসূচিতে না থাকায় সিন্ডিকেট সভায় সদস্যরা এ নিয়ে আলোচনা করার বিরোধিতা করেন। এতে আলোচ্যসূচির বাইরের কোনো আলোচনা করা হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান (ভারপ্রাপ্ত) বলেন, সিন্ডিকেট সভা সম্পন্ন হয়েছে। এখনই সব বিষয় জানা যাবে না। পরে রেজুলেশন হলে বিষয়গুলো জানা যাবে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ কোটি টাকার মেগাপ্রকল্পে সোয়া ৬ কোটি টাকা অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদন খোলা হয়, এতে শাস্তির ধারা নির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় সিদ্ধান্ত নিতে পারেনি সিন্ডিকেট সদস্যরা। ফলে নির্ধারিত ধারা ও শাস্তির ধরণ উল্লেখ করতে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়াও দীর্ঘদিন ছুটিতে থাকা পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেনকে এক মাসের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। না করলে ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

