৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি ২৭ জুন

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ আগামী ২৭ জুন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মে) মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক ছুটিতে থাকায় সংশ্লিষ্ট আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ হাফিজুর রহমান পরবর্তী অভিযোগ গঠন শুনানির নতুন করে এই তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামিরা হলেন, হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগনে এ এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন ও কর্মচারী আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।২০১৮ সালের ২৪ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে সেখানে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। ওই ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৩ জুন মামলাটি তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়