প্রতিদিনের ডেস্ক:
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নৈশপ্রহরীকে বেঁধে ১১টি দোকানে লুটপাট চালায়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চরশুল্লকিয়া খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে।শনিবার ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান বাজারের ব্যবসায়ীরা। রাতে পাহারায় কাজ করছিলেন নৈশপ্রহরী চৌধুরী মিয়া। রাত আড়াইটার দিকে প্রথমে দুটি মোটরসাইকেলে ছয় যুবক বাজারে আসে। তারা মোটরসাইকেল থেকে নেমে অস্ত্রের মুখে জিম্মি করে নৈশপ্রহরীকে বেঁধে ফেলে।‘পরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আরও কয়েকজন ডাকাত সদস্য বাজারে আসে। ডাকাত দল একে একে ১১টি দোকানের তালা ভেঙে নগদ অর্থ, মূল্যবান জিনিসপত্র এবং একটি মোটরসাইকেল নিয়ে যায়।’চেয়ারম্যান আরও বলেন, ‘ব্যবসায়ী ফারুকের দোকান থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা; খলিলের দোকান থেকে একটি মোটরসাইকেল এবং লক্ষাধিক টাকার সিগারেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।’সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

