ট্রাম্পের ওপর হামলাকারীর ছবি প্রকাশ

গ্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো তরুণ থমাস ম্যাথিউ ক্রুকসের ছবি প্রকাশ করেছে এফবিআই। শনিবার (১৩ জুলাই) হামলার পরপরই তাকে ট্রাম্পের হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করে তদন্তকারী সংস্থা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।হামলার পর এক বিবৃতিতে এফবিআই জানায়, পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা ক্রুকস। ছবিতে দেখা যাচ্ছে ২০ বছর বয়সী ক্রুকস চশমা পরা এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।শনিবার বাটলারে ট্রাম্পের সমাবেশ স্থলের পার্শ্ববর্তী একটি ছাদ থেকে একাধিক গুলি চালায় ক্রুকস। সঙ্গে সঙ্গেই মার্কিন সিক্রেট সার্ভিস স্নাইপাররা গুলি করে হত্যা করে তাকে। তার পাশেই পড়ে ছিল হামলায় ব্যবহার করা একটি এআর-১৫ রাইফেল।২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে স্নাতক পাস করেছিলেন ক্রুকস। স্কুলের সহপাঠীরা তাকে শান্ত ও একাকী হিসেবে বর্ণনা করেছেন। ক্রুকস সামাজিকভাবে ভীষণ রক্ষণশীল ছিল বলেও জানিয়েছেন তারা।তাকে কখনও রাজনীতি বা ট্রাম্পকে নিয়ে আলোচনা করতে শোনেন নি তার সহপাঠীরা। তবে স্থানীয় সংবাদমাধ্যমকে এক ছাত্র জানিয়েছেন, স্কুলে প্রায়ই ক্রুকসকে উত্ত্যক্ত করা হতো। তার ভাষায়, ক্রুকস খুবই চুপচাপ ছিলেন। কিন্তু তারপরও তাকে অনেক বেশি উত্ত্যক্ত করা হতো।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ম্যাথ অ্যান্ড সায়েন্স ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় ‘স্টার অ্যাওয়ার্ড’ হিসেবে ৫০০ ডলার পুরস্কার পেয়েছিলেন তিনি। স্নাতক শেষ হওয়ার পর একটি নার্সিং হোমে কাজ করছিলেন ক্রুকস।হামলার পর, তার গাড়ির ভিতরে একটি সন্দেহজনক ডিভাইস পাওয়া গেছে। ডিভাইসটি পরীক্ষা করে দেখছেন বোমা প্রযুক্তিবিদরা। ক্রুকসের ফোন ঘেঁটে দেখছেন তদন্তকারীরা।পেনসিলভানিয়ার ভোটার তালিকা থেকে জানা গেছে, রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন ক্রুকস। আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতেন ক্রুকস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়