প্রতিদিনের ডেস্ক॥
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না যখন আমার দেশ ও যখন আমার অর্জন আক্রান্ত। মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে, এতো মিথ্যাচার করতে পারে, মুক্তিযুদ্ধের চেতনা এদের মধ্যে নেই। যদি মুক্তিযুদ্ধের চেতনা থাকতো, তাহলে আমাদের মুক্তিযুদ্ধের ধারক-বাহক বিটিভিকে পুড়িয়ে ছাই করতে পারত না।
বুধবার (২৪ জুলাই) রাজধানীর শ্যামলী-আদাবর রিং রোডে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ঢাকাবাসী কত চেয়েছিল মেট্রোরেল। আজ ধ্বংস হয়ে গেছে। মিরপুর স্টেশনে যে হামলা হয়েছে সেগুলো সারাতে এক বছর লাগবে। আমাদের যত অর্জন আছে, সন্ত্রাসীদের আক্রমণে সেগুলো ধ্বংসলীলায় পরিণত হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অগ্নি সন্ত্রাসের আক্রমণে আজকে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। আজ বাংলাদেশে স্বাধীনতার আদর্শ আক্রান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত, আমাদের জয়ের ধ্বনি ‘জয় বাংলা’ আক্রান্ত, একাত্তরের মহান বিজয় আজ আক্রান্ত।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশে যে অর্জনগুলো জাতির… আজকে আমাদের মেট্রোরেল বন্ধ, কবে চালু করতে পারব… ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ। ঢাকাবাসীর কত প্রিয় এই মেট্রোরেল, পুড়ে ছাই হয়ে গেছে। যে সেতু ভবন পদ্মাসেতু নির্মাণ করেছে, সেই সেতু ভবন আক্রান্ত, দু’তলায় আমার অফিস, আমার অফিস কয়লা হয়ে গেছে। বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে। গাজীপুরে সড়ক ভবন পুড়ে ছাই। পদ্মা সেতু মাওয়া প্রান্ত, জাজিরা প্রাপ্তে বার বার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে, স্থানীয় জনগণ, নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করেছে।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে কথা বলে। আর কত ধ্বংস? আর কী চাই? এই দেশ আপনারা চান না, এই দুই দিনে প্রমাণ হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা এ দেশের জনগণ। যারা এ দেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার আদর্শ বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে, তাদের আমরা সারা দেশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতির এই দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা আমাদের বিশ্বস্ত ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আগুন সন্ত্রাস, বিএনপি-জামায়াতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

