খুলনা প্রতিনিধি॥
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপিকর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলাটি করেন। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকালে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করেন। এমন সময় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এসময় তারা গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটায়। এছাড়া রাম দায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় আব্দুস সালাম মুর্শেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ জনের নাম উল্লেখ এবং ২০-২৫জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

