রুহুল আমিন, যবিপ্রবি
বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সংকট উত্তরণ নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ, বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ও ল্যাবসমূহ আধুনিকায়ন, পরীক্ষার ক্ষেত্রে ইম্প্রুভি সিস্টেম চালুকরণসহ বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন এবং তাদের সুচিন্তিত মতামত দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের সমস্যা, সম্ভাবনা ও সুচিন্তিত মতামতসমূহ লিপিবদ্ধ করা হয়। এছাড়া মতবিনিময় সভায় অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ শোনেন এবং তাৎক্ষণিক সেগুলোর উত্তরও দেন। অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ‘আমার কাছে সবাই সমান। যার যতটুকু প্রাপ্য তাঁকে ততটুকুই দেওয়া হবে। আশা করি, ন্যায়ের শূন্যতা থাকবে না। যে সমস্যাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো ধীরে ধীরে সমাধানের চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো টিচিং ল্যাবরেটরি থাকবে না, সবগুলোকে রিসার্চ ল্যাবরেটিতে রূপান্তর করা হবে।’ মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্টবডি, প্রক্টরবডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের বডিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ এবং দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও পরিচিত হন এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এরআগে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিউক্যাল কেমেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগের এ তথ্য জানানো হয়। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ১৯৫২ থেকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র-জনতার প্রাণহানি এবং এখনো অনেকে হাসপাতালের চিকিৎসাধীন থাকায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ করেছেন তিনি। যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ‘শিক্ষার্থীরা হলো আমাদের মূল উপাদান, ওরা আছে বলেই আমরা আছি। আমাদের শিক্ষার্থীরা যদি তাঁদের জ্ঞান যথাযথভাবে ব্যবহার করতে পারে, তাহলে পৃথিবীর সব জায়গায় তাঁরা স্থান করে নেবে। আমাদের সময় নষ্ট করা যাবে না, সময়ের সঠিক ব্যবহার করতে হবে।’ এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক, ১৯৯৫ সালে স্নাতকোত্তর ও ২০০৩ সালে এমফিল ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি জাপানের টোটরি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতার কর্মজীবন শুরু হয় ২০০১ সালে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসেবে প্রভাষক যোগ দেন। তিনি ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। তিনি ১৯৭৩ সালের ৬ এপ্রিল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

