প্রতিদিনের ডেস্ক॥
গত কয়েক মাসে একের পর এক বিচ্ছেদের খবর উঠে এসেছে ভারতীয় রুপালি পর্দার দুনিয়ায়। এবার সেই তালিকায় নাম উঠছে ঊর্মিলা মাতন্ডকরের। বিয়ের ৮ বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেত্রী। এমনকি স্বামী মহসিন আখতার মীরের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি। ৮ বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙ্গিলা-গার্ল’। জানা যায়, এ বিষয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তবে ঠিক কী কারণে বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তা এখনো জানা যায়নি। ২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে তো ভিন্নধর্মে বিয়ে, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ফলে, এই বিয়ে ঘিরে চর্চায় ছিলেন তারা। নব্বইয়ের দশকে বলিউড মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে। তার জনপ্রিয়তার ধারে কাছে কোনোদিন আসেননি মহসিন। যদিও প্রাথমিকভাবে রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে ব্যবসাকেই পেশা হিসেবে নেন কাশ্মীরি এই যুবক। ২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত ৮ বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনই ভাবে
প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনওই। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষা।

