প্রতিদিনের ডেস্ক॥
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটার গবেষণা বিভাগ নতুন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশ করছে। এসব মডেলের একটিকে ‘স্বশিক্ষিত মূল্যায়নকারী’ হিসেবে উল্লেখ করেছে মার্ক জাকারবার্গের কোম্পানিটি। নতুন এ মডেল এআই তৈরিতে মানুষের সম্পৃক্ততার প্রয়োজনীয়তা কমাতে সাহায্য করতে পারে। খবর রয়টার্স।
গত বছর আগস্টে প্রকাশিত মেটার একটি গবেষণাপত্রে এআই সম্পর্কিত নতুন টুল বা মডেল সম্পর্কে জানানো হয়। সেখানে বলা হয়, টুলটি ওপেনএআইয়ের নতুন মডেলগুলোর মতোই ‘চেইন অব থট’ পদ্ধতি ব্যবহার করে এআইয়ের উত্তরগুলোকে আরো সঠিক ও নির্ভরযোগ্য করে তোলে। এ পদ্ধতি জটিল সমস্যাগুলোকে ছোট ও সহজ পদক্ষেপে ভাগ করে। ফলে বিজ্ঞান, কোডিং ও গণিতের মতো কঠিন বিষয়গুলোর উত্তর আরো সঠিক হয়। গবেষকরা মডেলটিকে সম্পূর্ণভাবে এআইসৃষ্ট ডাটা ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে, যেখানে ইনপুট দেয়ার ক্ষেত্রে মানুষের ভূমিকা ছিল না। এ বিষয়সংশ্লিষ্ট দুজন গবেষক বলছেন, এআই দ্বারা এআইকে মূল্যায়ন করার এ সক্ষমতা নির্ভরযোগ্যভাবে স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট তৈরি করার একটি সম্ভাব্য পথ হতে পারে, যারা তাদের নিজস্ব ভুল থেকে শিখতে পারে।
এআইয়ের অনেক বিশেষজ্ঞ এসব এজেন্টকে স্মার্ট ডিজিটাল সহকারী হিসেবে দেখেন, যারা মানুষের সাহায্য ছাড়াই নিজেরা অনেক কাজ সম্পাদন করতে পারে। স্ব-উন্নয়নশীল মডেলগুলো ‘মানব প্রতিক্রিয়া থেকে শিক্ষণ’ নামে বর্তমান পদ্ধতির ওপর নির্ভর করাকে অপ্রয়োজনীয় করে তুলতে পারে। এ পদ্ধতি প্রায়ই ব্যয়বহুল, কারণ ডাটা লেবেল করতে ও জটিল গণিত এবং প্রশ্নের উত্তর সঠিক কিনা তা পরীক্ষা করতে দক্ষ মানবশক্তির প্রয়োজন হয়। এছাড়া মেটা শুক্রবার অন্য যে এআই টুলগুলো প্রকাশ করেছে, তার মধ্যে ‘সেগমেন্ট অ্যানিথিং’ নামে পরিচিত ইমেজ চিহ্নিতকরণ মডেলের একটি আপডেট রয়েছে।
তারা একটি টুলও পরিচিত করিয়েছে, যা লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলোর (এলএলএমস) প্রতিক্রিয়ার সময়কে আরো দ্রুত করে।

