প্রতিদিনের ডেস্ক॥
সুখবর দিলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। ৩৪ বছর বয়সে ফের মা হতে চলেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। এ ছাড়াও গেল ১৯শে অক্টোবর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে ডিনারের জন্য বের হন জেনিফার। সাদা টি-শার্টের সঙ্গে সোয়েটার পরেছিলেন তিনি। পোশাকের উপর দিয়ে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। ২০১৮ সালের জুনে কুক ম্যারোনির সঙ্গে পরিচয় হয় জেনিফার লরেন্সের। একই বছর প্রেমে পড়েন এই জুটি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ককে আড়ালে রাখেন তারা। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাগদান সারেন। একই বছরের ১৯শে অক্টোবর বিয়ে করেন এই যুগল। ২০২১ সালে মুক্তি পায় জেনিফার লরেন্স অভিনীত ‘ডোন্ট লুক আপ’ সিনেমা। এর শুটিং চলাকালে দ্বিতীয়বার গর্ভপাত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তার বয়স এখন দুই বছর। গর্ভপাতের মতো কঠিন সময় পার করার পর, বিষয়টি নিয়ে সামাজিকভাবে সচেতনতার জন্য কাজ করেন জেনিফার। গর্ভপাতবিরোধী আইনের প্রভাব নিয়ে ‘জুরাউস্কি ভার্সেস টেক্সাস’ শিরোনামে একটি ডকুমেন্টারি হিলারি ক্লিনটনের সঙ্গে প্রযোজনা করেন জেনিফার।

