কামরুজ্জামান মুকুল, বাগেরহাট।।
বাগেরহাট-খুলনা-মোংলা মহাসড়কের জনবহুল ও গুরুত্বপূর্ণ কাটাখালী বাসস্ট্যান্ডের অত্যন্ত ব্যস্ততম ৮রাস্তা মোড়ের পিচঢালা সড়কের পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এখন যানবাহন ও পথচারী চলাচলের চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। দ্রুত এ মোড়ের সড়ক সংস্কার করা না হলে দুর্ভোগ আরও চরম পর্যায়ে পৌছাবে। এব্যাপারে স্থানীয় এলাকাবাসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপদ বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বাগেরহাট-খুলনা-মোংলা ও ঢাকা মাওয়া মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ড একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ ব্যস্ততম মোড়। মোংলা বা খুলনা হতে রাজধানী ঢাকা, বরিশাল বা চট্টগ্রামে যাতায়াতের জন্য এই কাটাখালী বাসস্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ মোড়। কারণ এই মোড়ের উপর দিয়েই এখানে ১০ টি জেলার যানবাহনের যাতায়াত। তাছাড়া দেশের অন্যতম বৃহত্তর মোংলা বন্দরের সকল আমদানী রপ্তানীকৃত পণ্য সড়ক পথে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে কাটাখালী বাসস্ট্যান্ড। এই বাসস্ট্যান্ডকে অতিক্রম করেই দেশের সব স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু এই ৮ রাস্তার মোড়ের উপর পিচঢালা রাস্তার পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে তা এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। সড়ক ও জনপদ বিভাগ পিচঢালা রাস্তার পিচ উঠে বড়বড় গর্তের সৃষ্টি হওয়ায় সংস্কারের নামে মাঝে মধ্যে সেই গর্তে কিছু ইটের সলিং বা ইটের খোয়া ফেলে তাৎক্ষণিক যানবাহন চলাচলের ব্যবস্থা করেন। যা একটু বৃষ্টি হলেই আবারও গর্তের সৃষ্টি হয়ে তা যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয় এলাকাবাসি সরদার জাকির হোসেন, আবু তাহের, ওবাইদুল ও আনিছুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, সড়ক বিভাগ ইটের সলিং নির্মাণ করে গর্ত বন্ধ করে দেওয়ার পর একটু বুষ্টি হয়েই পূনঃরায় একই অবস্থার সৃষ্টি হয়। আর সেই সময়ে গর্তে ভিতর পড়ে অনেকে গুরুত্বর আহত হচ্ছেন। মোড়ের উপর ভেঙ্গেচুরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে তা নিজে চোখে না দেখলে বুঝার উপর নেই যে কতবড় বিপদ এখানে। প্রায় সময়ে অধিকাংশ মটর সাইকেল ভ্যান রিক্সা বা ইজিবাইক ও মাহেন্দ্র চালকরা এখানে এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে দুর্ঘটনার কবলে পড়েন। শুধু তাই নয়, বাস ট্রাক ও পরিবহনের চাকা এখানে এসে নষ্ট হয়ে পড়ে। সে সময়ে তীব্র যানজাটের সৃষ্টি হয়। এব্যাপারে বাসস্ট্যান্ডটি পূণঃ সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসির ও যানবাহন চালকরা সড়ক ও জনপদ বিভাগের উর্দ্ধতন কর্মকতাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, কাটাখালি মোড়সহ সংলগ্ন সড়ক জরুরীভাবে সংস্কারের জন্য দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

