নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতিতে জামায়াতের অবদান রয়েছে। সকল আন্দোলন সংগ্রামে জামায়াত দেশ প্রেমিক জনতার অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। যে কোন দুর্যোগে জামায়াত আর্তমানতার কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার নজির স্থাপন করেছে।
শনিবার শহরের মোল্লাপাড়া মোড়স্থ দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলা শাখা আয়োজিত রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনব্যাপী শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামীর যশোর জেলার নবনির্বাচিত আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হুসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ^াস, মাওলানা রেজাউল করিম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক প্রমুখ। এ সময় তিনি আরোও বলেন, বাংলাদেশ আজ সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের অভাবে গভীর সংকটে নিপতিত। দুর্নীতি, অপশাসন ও গণতন্ত্রহীনতার কারণে সঠিক নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই জামায়াতে ইসলামী সমাজে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়ার উপযোগী জনবল তৈরি করতে জামায়াতের উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

