২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ৫ ছিনতাইকারী গ্রেফতার, ট্রাক-চিনি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরতলী কচুয়া ও কেশবপুরের একদল ছিনতাইকারী ধরা পড়লো রাজবাড়ী পুলিশের হাতে। তারা রাজবাড়ীতে ট্রাক থামিয়ে ৪শ বস্তা চিনি লুট করে নিজ এলাকা যশোরে অবস্থান করছিলেন। কিন্তু কথায় আছে পাপ ছাড়ে না বাপে-রে, সেই প্রবাদ খেটে গেল এই ছিনতাই চক্রের কপালে। ঘটনায় জড়িত ট্রাকচালকসহ ৫ জন এখন রাজবাড়ী পুলিশের হেফাজতে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে প্রেসব্রিফ্রিং করে এ তথ্য নিশ্চিত করেছেন সেখানকার পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন। যশোর পুলিশের একাধিক সূত্র থেকেও নিশ্চিত হওয়া গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- যশোর শহরতলীর কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), মনসেপুর গ্রামের ইউনুস মোল্লাের ছেলে আলমগীর হোসেন (৩৩), ট্রাকের চালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া (২৫)। পুলিশ সুপার মোছা. শামীমা পারভিন জানান, জননী ফুড প্রোডাক্ট কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক সিলেট থেকে রংপুর যাচ্ছিল। গত ২৫ অক্টোবর দিবাগত রাত ২ টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদরের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকের চালক আবুল বাশারের যোগসাজশে ছিনতাইকারী চক্র সড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাকটি থামিয়ে ছিনতাই করে। এসময় তারা ট্রাকে থাকা ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে জোরপূর্বক ট্রাক থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে হাঁত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে আসে। ২৬ অক্টোবর ভোর ৪ টার দিকে সরোয়ার হাত পায়ের বাধঁন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। মোবারক হোসেন ঘটনা জানার পরপরই জননী ফুড প্রোডাক্ট কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলামকে জানান। তিনি জানান, এ ঘটনায় ২৭ অক্টোবর তানজিল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। ২৮ অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালী মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাক চালক আবুল বাশারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়