প্রতিদিনের ডেস্ক॥
সোশ্যাল মিডিয়ার যুগে প্রযুক্তির অপব্যবহার নিয়ে চিন্তার শেষ নেই। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। কখনো ডিপফেক ভিডিওর ফাঁদ, আবার কখনো ছবি নিয়ে কারসাজির অভিযোগ। এবার এই বিষয় নিয়ে সোচ্চার হলেন ম্রুণাল ঠাকুর। সোশ্যাল মিডিয়াতেই এক যুবককে একহাত নিলেন তিনি। কী কাণ্ড ঘটিয়েছিলেন ওই যুবক? জানা গেছে, যুবক ফটোশপ করে নিজের সঙ্গে ম্রুণালের ছবি জুড়ে দেন। যেন অন্তরঙ্গভাবে দুজনে দীপাবলি উদ্যাপন করছেন। এই ছবি দেখেই চটে যান ম্রুণাল। পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী লেখেন, ভাই
নিজেকে কেন এভাবে সান্ত্বনা দিচ্ছো? আপনার মনে হচ্ছে যেটা করছেন সেটা দারুণ ব্যাপার তাই না? তা কিন্তু একেবারেই না। প্রসঙ্গত, এর আগে রাশমিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিনেত্রীর নিজে এই বিষয়টি নিয়ে তুমুল বিরক্তি প্রকাশ করেছিলেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রসঙ্গত, ছোট পর্দা দিয়েই নিজের অভিনয় সফর শুরু করেছিলেন ম্রুণাল। বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবাধ বিচরণ। চলতি বছরে অভিনেত্রীকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা যায় তেলুগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-এ। প্রভাসের ‘কালকি’ ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘পূজা মেরি জান’, ‘সন অফ সর্দার ২’।
