২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চলচ্চিত্র জুরি বোর্ডে যুক্ত হলেন যারা

প্রতিদিনের ডেস্ক॥
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানে জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপ-সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জুরি বোর্ডে যুক্ত হয়েছেন নতুন ৪ জন সদস্য। তাদের একজন আশির দশকের সাড়া জাগানো নায়িকা সুচরিতা, অন্যজন নব্বই দশকের জনপ্রিয় নায়ক খাজা নাঈম মুরাদ। বাকিরা হলেন- চলচ্চিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ এবং সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু। জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ই সেপ্টেম্বর জুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এবার সেই প্রজ্ঞাপন সংশোধনপূর্বক জুরি বোর্ড পুনর্গঠন করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর কার্যপরিধিতে বলা হয়েছে, এই জুরি বোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ ২৮টি ক্ষেত্র পুরস্কার প্রদানের জন্য বিবেচিত হবে। নতুন জুরি বোর্ডের বাকি সদস্যরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিএফডিসি’র পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি, সাংবাদিক ওয়াহিদ সুজন ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়