প্রতিদিনের ডেস্ক॥
গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সে ক্ষেত্রে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করা একটি ভালো সূচনা হতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করছেন, ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলবেন। ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ট্রাম্পের। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তিনি দ্রুত সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে কথা মনে করিয়ে দিয়ে এরদোয়ান বলেছেন, ‘ট্রাম্প সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা চাই তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করুন এবং ইসরায়েলকে থামতে বলুন। কিভাবে ট্রাম্প যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পারেন, সে পথ বাতলে দিয়ে এরদোয়ান যোগ করেন, ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন রুখতে যদি দেশটিকে অস্ত্র দেওয়া বন্ধ করেন ট্রাম্প, তাহলে সেটি একটি ভালো সূচনা হতে পারে। এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেন, ট্রাম্প যদি বর্তমান মার্কিন নীতি অব্যাহত রাখেন, তাহলে এতে মধ্যপ্রাচ্যে অচলাবস্থা আরো গভীর হবে এবং সংঘাত আরো ছড়িয়ে যাবে।

