প্রতিদিনের ডেস্ক॥
আইসিসির নতুন চেয়ারম্যান এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক জয় শাহ। এই পদ থেকে বিদায় নিয়েছেন গ্রেগ বার্কলে। বিদায়ী এই চেয়ারম্যান অবশ্য জয় শাহর ওপর আস্থাও রাখছেন। তার মতে, কঠিন এই সময়ে খেলাটাকে পুনরুজ্জীবিত করার দক্ষতা জয় শাহর আছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে অনেক প্রসঙ্গই উঠে আসে তার কথায়। তবে জয় শাহকে এই বলেও সতর্ক করে দিয়েছেন যে, খেলাটা যেন এককভাবে ভারতের নিয়ন্ত্রণে চলে না যায়। বার্কলে দায়িত্ব ছেড়েছেন ১ ডিসেম্বর। চার বছর দায়িত্ব পালনের পর স্বীকার করেছেন, খেলাটি এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুকে কেন্দ্র করে বিতর্কের মাঝেই রয়েছে তারা। বার্কলে এ সময় ক্রিকেটের ঠাসা সূচির জন্য সদস্য দেশগুলোর স্বার্থকেই দায়ী করে বলেছেন, ‘আমি খেলাটির শীর্ষ পদে আছি এটা জানি। কিন্তু বলতে পারবো না বিশ্ব জুড়ে কে কার সঙ্গে খেলছে। এমনকি এটাও জানতাম না শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকায় খেলছে। সকালে ইয়ানসেনের সাত উইকেট নেওয়ার খবর পড়ার পরই বিষয়টা জানতে পারি।’ তার পরেই তিনি বলেছেন, ‘এটাতে বোঝা যাচ্ছে খেলাটির প্রতি আমাদের মূল দৃষ্টিভঙ্গিটা সরে যাচ্ছে। যা মোটেও সুখবর নয়। একেবারে হ-য-ব-র-ল অবস্থা। ক্যালেন্ডার পুরোপুরি ঠাসা অবস্থায় বিরাজ করছে। এই অবস্থায় ব্যক্তি স্বার্থ এমন পর্যায়ে পৌঁছেছে যে, এটার সমাধান প্রায় অসম্ভব। কারণ কেউ তার অংশটা ছাড়তে চাচ্ছে না।’ তবে বার্কলের বিশ্বাস এই অবস্থা থেকে উত্তরণে সহায়তা করতে পারবেন শাহ, ‘আমার মনে হয় সে যে ভিত্তি পেয়েছে, তাতে ভারতের জন্য খেলাটাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার এটাই সুযোগ। তবে খেলাকে ভারতের নিয়ন্ত্রণে নিয়ে গেলে হবে না। ভারতকে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। কারণ সব দিক দিয়েই এই খেলাটিতে সবচেয়ে বড় অবদান তারা রাখছে। কিন্তু একটা দেশের এই পরিমাণ ক্ষমতা ও প্রভাব কিন্তু অন্য ভাবমূর্তিকেও বিকৃত করতে পারে। যা খেলাটির বৈশ্বিক উন্নয়নের মাপকাঠিতে মোটেও সহায়ক নয়।’

