প্রতিদিনের ডেস্ক॥
অ্যাডিলেড টেস্টে খলনায়ক হয়ে গেছেন মোহাম্মদ সিরাজ। পরপর দুইদিন মাথা গরম করেছেন ভারতীয় পেসার। মার্নাস লাবুশেনেকে একবার অযথা বল ছুঁড়ে মারেন। তারপর ঘরের ছেলে ট্র্যাভিস হেডকে আউট করে আগ্রাসী ‘সেন্ড অফ’ দেন। দুইজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়, যা আইসিসির আচরণবিধি লংঘন করার শামিল। শাস্তিও পেলেন তারা। সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে জরিমানা থেকে রেহাই পেয়েছেন হেড। তাকে তিরস্কার করেছে আইসিসি। অবশ্য দুজনের নামের পাশে জুটেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। সোমবার ডিসিপ্লিনারি শুনানি শেষে আচরণবিধি লংঘনের দায়ে এই শাস্তি আরোপ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ঘটনা দ্বিতীয় দিনের খেলায়। ১৪১ বলে ১৪০ রানের অসাধারণ ইনিংস খেলে সিরাজের কাছে উইকেট হারান হেড। তারপর আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করে অজি ব্যাটারকে ড্রেসিংরুমের দিকে যাওয়ার ইঙ্গিত করেন ভারতীয় পেসার। দুজনের মধ্যে চলে উত্তপ্ত বাক্যবিনিময়। অ্যাডিলেডের দর্শকদের কাছ থেকে সিরাজের কপালে জুটেছে দুয়ো। হেড পরে দাবি করেন, তিনি সিরাজকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘ভালো বল করেছো।’ এটা শুনেই নাকি ভারতীয় পেসার ক্ষুব্ধ হন। যদিও সিরাজ জানান, হেড এরকম কিছু বলেননি। তাকে গালি দিয়েছিলেন। ম্যাচটি অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতে সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে।

