রেজাউল করিম, লোহাগড়া
এক যুগ পর লন্ডন থেকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার নিজ বাড়িতে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা তুহিন মোল্যা। এ সময় তাকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ফুল দিয়ে বরণ করে নেন। মঙ্গলবার লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লাহুড়িয়া গ্রামের মালেক মোল্লার ছেলে প্রবাসী বিএনপি নেতা তুহিন মোল্যা ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে পৌঁছালে শতশত অপেক্ষমান দলীয় নেতা-কর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।সেখান থেকে মোটরসাইকেলের বহর নিয়ে লোহাগড়া শহরে প্রবেশ করেন। এ সময় কুন্দশী এবং লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় নেতাকর্মীরা তাকে সংবর্ধনা প্রদান করেন। এরপর মোটরসাইকেলের বহরটি তার নিজ এলাকা লাহুড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তুহিন মোল্যা বলেন, আমি দীর্ঘদিন পর দেশের মাটিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছি। আমি ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে আসতে পারিনি। যারা জাতীয়তাবাদী দল বিএনপির নির্যাতিত নেতাকর্মী রয়েছে, তাদেরকে নিয়ে আমি আবারো রাজপথে থাকতে চাই। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা খান মাহামুদুর রহমান,এস এম শাহীন বিপ্লব, তাইবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জি. এম মাহমুদুল হাসান মিল্টন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ফকির প্রমূখ।

