আনিছুর রহমান, বেনাপোল
যশোরের বেনাপোল পৌর গেটের সামনে শনিবার একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ও জেএসএ পরিবহনের বাসের সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী পৌর গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন কাগজপুকুর গ্রামের শ্রমিক নেতা রেজাউল, আনার ও আলাউদ্দিন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। আহতদের দেখতে হাসপাতালে উপস্থিত হন শার্শা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী। স্থানীয়দের দাবি, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

