কামরুজ্জামান মুকুল,বাগেরহাট।।
বাগেরহাটের মোংলা থেকে চোরাই প্রাইভেটকারসহ ২ জনকে মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। আগেরদিন ১০ মার্চ মোংলা থানাধীন বুড়িরডাঙ্গা সরকার মার্কেট পিডিপি অফিসের মেইন গেটের সামনে রাস্তার পাশ হতে কামাল হোসেন খান (৪৬), নামে এক ব্যক্তির এ প্রাইভেট কার চুরি হয়। এ ঘটনায় মালিক মঙ্গলবার (১১ মার্চ) মোংলা সদর থানায় জিডি করেন। চুরির ঘটনা অবগত হয়ে পুলিশ সুপার তৌহিদুল আরিফ বাগেরহাট জেলা পুলিশের সকল ইউনিটকে অতিদ্রুত চোরাই প্রাইভেট কারটি উদ্ধার ও চোরচক্রকে সনাক্তপূর্বক গ্রেফতারের জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো: শামীম হোসেনের তত্ত্বাবধানে ও বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহামুদুল হাসান মঙ্গলবার সদরের চিতলী বৈটপুর গ্রামস্থ ষাটগম্বুজ ট্রান্সপোর্ট এজেন্সী নামক অফিসের পাশে ফাঁকা জায়গায় থেকে চোরাইকৃত প্রাইভেট কারটি উদ্ধার করেন। এ সময় চোরচক্রের সদস্য সজিবুজ্জামান জয় (২২) ও নাজমুল শেখ(২৫) নামে দু’জনকে আটক করা হয়। তাদের বাড়ি মোংলার বুড়িরডাঙ্গায়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গাড়ি চুরির সিন্ডিকেট গড়ে তুলেছে। এ চক্রের ২/৩ জনের একটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে টার্গেট গাড়ি খুঁজতে থাকে। টার্গেটকৃত গাড়ি পেলে সময় ও সুযোগ বুঝে মূহুর্তের মধ্যে নকল চাবি (মাস্টার কী) ব্যবহার করে পালিয়ে যায়। এরপর তাদের একজন দক্ষ ড্রাইভার চোরাইকৃত গাড়িটি দেশের বিভিন্ন চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের নিকট পৌঁছে দেয়। পরবর্তীতে গাড়িটি সীমান্তবর্তী দূর্গম এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর বিআরটিএ এর সীল ও স্বাক্ষর জাল করে চোরাইকৃত গাড়ির নকল কাগজপত্র তৈরি সহ মূল মালিকের নামের সাথে মিল রেখে নকল দলিল অথবা বিজ্ঞ আদালতের স্বাক্ষর সম্বলিত নিলামের নকল কাগজপত্র প্রস্তুত করা হয়। পরে কম মূল্যে বিক্রয় করে দেয়। এছাড়াও চোরাইকৃত কিছু গাড়ি সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য তথা ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত হয়।
