অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিমসটেক সম্মেলনের ফাঁকে গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের সাংগ্রিলা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানিচুক্তির মেয়াদ বৃদ্ধি, তিস্তার পানিচুক্তিসহ আরো কিছু বিষয় তুলে ধরা হয়েছে। দুই সরকারপ্রধানের মধ্যে ৪০ মিনিট স্থায়ী এই আলোচনা ছিল অত্যন্ত খোলামেলা, ফলপ্রসূ এবং গঠনমূলক। বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ১৯৯৭ সালে গঠিত হয় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)। বিমসটেকের সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন গত ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ককে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিমসটেকের মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গোপসাগরে বাণিজ্য ও ভ্রমণ সম্প্রসারণের লক্ষ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করেছে সদস্য দেশগুলো। এর ফলে সাত দেশের মধ্যে সমুদ্র পরিবহনের ক্ষেত্রে সহযোগিতার এক নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন আঞ্চলিক বিশেষজ্ঞরা। দুই নেতার মধ্যকার বৈঠক প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের দুটি দেশের বন্ধুত্ব সুদৃঢ় ইতিহাস, ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ১৯৭১ সালে আমাদের কঠিন সময়ে ভারত সরকার ও জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য আমরা চিরকৃতজ্ঞ।’ বিমসটেকের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ইউনূস সাত সদস্য দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতের সমর্থন চান। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। নরেন্দ্র মোদি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বৈঠকের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেছেন, ‘আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।’ ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। প্রতিবেশী দুই দেশের সরকারপ্রধানদের এই বৈঠক সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে বৈঠক হয়েছে, তা দুই দেশের সম্পর্কে আশার আলো তৈরি করেছে। আমরাও মনে করি, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক ক্রমেই আরো নিবিড় হবে এবং পারস্পরিক কল্যাণে হাতে হাত মিলিয়ে দুই দেশের এগিয়ে যেতে হবে।
ইউনূস-মোদি সম্পর্ক আরো নিবিড় হোক
আরো দেখুন
নিজের চারপাশে গণ্ডি টানছেন মালাইকা
প্রতিদিনের ডেস্ক:
ব্যক্তিগত জীবন নিয়ে চলা অনবরত কাটাছেঁড়া চলছে মালাইকা অরোরার। তবে এ কাটাছেঁড়া তাকে প্রভাবিত করে কি না। তিনি নিজের চারপাশে গণ্ডি টানছেন বলে...
স্বর্ণের ভরি কত?
প্রতিদিনের ডেস্ক:
দেশের বাজারে শনিবার (৩০ মে) ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকার কাছাকাছি। আর কম দামি বা সনাতন...

