১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বোমায় রুশ জেনারেল নিহত ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

প্রতিদিনের ডেস্ক॥
রাশিয়ার সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। মস্কোর আগে বালাশিখা শহরে শুক্রবার এই হামলায় মেজর জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মস্কালিক রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি প্রধান ছিলেন। এ ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তবে কে বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে। এটি রুশ সামরিক অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো একাধিক হত্যাকাণ্ডের সর্বশেষ ঘটনা। মেজর জেনারেল মস্কালিক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ২০১৫ সালের অক্টোবরে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের নরম্যান্ডি ফরম্যাট বৈঠকে তিনি রাশিয়ান প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ওই বৈঠকের লক্ষ্য ছিল ২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তি বাস্তবায়ন তদারকি করা। ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভের পাশাপাশি মস্কালিক সেনাবাহিনীর জেনারেল স্টাফের পক্ষে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়