প্রতিদিনের ডেস্ক॥
বায়ার লেভারকুসেনকে জানিয়ে রেখেছিলেন জাভি আলনসো, ‘যদি রিয়াল মাদ্রিদ বা পছন্দের ক্লাব থেকে প্রস্তাব আসে, তবে জার্মানি ছাড়ব।’ স্প্যানিশ কোচের সেই ইচ্ছে বুঝি পূরণ হতে চলছে। কার্লো আনচেলত্তির জায়গায় স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আলনসো। আনুষ্ঠানিক ঘোষণাটাই যেন শুধু বাকি। স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে, রিয়ালের সঙ্গে যুক্ত হওয়ার আগেই ক্লাবটির মাঝমাঠ নিয়ে চিন্তা করছেন জাভি। নতুন কয়েকটি নামও আছে আলোচনায়। জাভি তাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন বলেও খবর। স্লোভানিয়ার গণমাধ্যম নাগো ম্যানিয়া স্পেনের গণমাধ্যমের বরাতে জানিয়েছে, এতে শঙ্কায় পড়েছে লুকা মদ্রিচের চুক্তিও। রিয়াল জানিয়েছে, ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে স্বল্পমেয়াদী একটি চুক্তি করবে মদ্রিচ। এরপরই রিয়ালের সঙ্গে ফুরাবে ক্রোয়েট তারকার ১৩ বছরের দীর্ঘ বর্ণাঢ্য পথচলা।
যদিও বেইন স্পোর্টস জানিয়েছে, মদ্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না রিয়াল। তবে গ্রীষ্মে চুক্তির মেয়াদ ফুরালেও মাঝমাঠের তারকাকে যুক্তরাষ্ট্রে বসা ক্লাব বিশ্বকাপ অবধি রেখে দেবে লস ব্লাঙ্কোসরা। তবে তার ভাগ্য ফিরতে পারে যদি জাভি কোচ হিসেবে রিয়ালে আসেন। যদিও ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকার রিয়াল ছাড়ার বিষয়টি আপাতত পাঁকা। আলনসোও তাই মাঝমাঠের কাণ্ডারি খুঁজছেন। তালিকায় আছে কয়েকটি নাম। স্প্যানিশ মিডিয়া জানিয়েছে, আলনসোর প্রায়রটি তালিকায় আছেন মার্টিন জুবিমেন্ডি ও ফ্লোরিয়ান উইর্টজ। জুবিমেন্ডি এখন রিয়াল সোসিয়েদাদে খেলছেন, তাকে পেতে রিয়ালকে খরচ করতে হবে ৬০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ। উইর্টজকে দলে টানতে মুখিয়ে আছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। আলনসোর উইশলিস্টে আছেন লেভারকুসেনের রক্ষণের তারকা জনাথন টহ। এই গ্রীষ্মেই তিনি ফ্রি ট্রান্সফার হয়ে যাবেন। তবে এসব নিশ্চিত হবে যদি জাভির নিজের গন্তব্য জার্মানি ছেড়ে স্পেন হয়। আনচেলত্তির রিয়াল মাদ্রিদে থাকা, না থাকা নিয়ে রীতিমতো ‘সোপ অপেরা’ই হচ্ছে স্পেনে। ব্রাজিলের কোচ হওয়াটা প্রায় নিশ্চিতই ধরা হচ্ছিল, শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে। স্পেনের সংবাদ মাধ্যমে খবর, শর্ত মিলে গেলে ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে যেতে পারেন ইতালিয়ান এই কোচ। সেক্ষেত্রে আলনসোরও বাড়বে অপেক্ষা।

