নিজস্ব প্রতিবেদক
৭ মে বুধবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির পক্ষ থেকে ভবদহ অঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানসহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বেলা সোয়া ১২ টায় সংগঠনের জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্মারকলিপিটি জেলা প্রশাসক জনাব মোঃ আজহারুল ইসলাম গ্রহণ করেন। এ সময় জেলা কার্যালয়ের সামনে ও পাইপপট্টি মোড়ে পৃথক পথসভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কাশেম মুন্সী, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, অন্যতম নেতা আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে অবাধ জোঁয়ার-ভাটার বিকল্প কোনো পথ নেই। এ প্রেক্ষিতে ভবদহ রেগুলেটরসহ নদীর ওপরে নির্মিত সকল অপরিকল্পিত অবকাঠামো উচ্ছেদ, ওয়াপদা বাঁধ উচ্ছেদ করে জলাবদ্ধ বিলগুলিতে অবাধ জোঁয়ার-ভাটা সৃষ্টি করতে হবে। নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। নদ-নদী পরিকল্পিত উপায়ে খনন করতে হবে এবং খননকৃত পলি বিলের নিম্নাংশে ফেলতে হবে। পদ্মা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ উৎচ্ছদেসহ আন্তর্জাতিক নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে (আন্তর্জাতিক আইন অনুসারে) সরকারকে যথাযথ ভূমিকা নিতে হবে। পদ্মা নদীর সাথে মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরবসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীর সংযোগ পুনঃস্থাপন ও নদীসমূহের আন্তঃসংযোগ চালু করতে হবে। সাথে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে ধানের ন্যায্য মূল্য প্রাপ্তি, ওজনে কারচুপি রোধের সাথে সাথে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার জোর দাবি জানান।

