শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বজ্রাঘাতে ইউনুস খান (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে বলেশ্বর নদে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ইউনুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী (রায়েন্দা) গ্রামের সাইয়েদ খানের ছেলে। প্রত্যক্ষদর্শী তাফালবাড়ী বাজারের পল্লী চিকিৎসক মো. রাসেল আহমেদ জানান, দুপুর ১টার দিকে ইউনুস খান নিজের মাছ ধরা নৌকায় জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করেন। এরপর বলেশ্বর নদে গোসল করছিলেন তিনি। গোসল শেষ করে ওঠার সময় বজ্রপাতে আহত হন ইউনুস। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাসনুবা আলম বলেন, ‘বজ্রাঘাতে আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

