‘নির্বাচন বিলম্বিত হওয়ায় সরকারের প্রতি জনগণ আস্থা হারাচ্ছে’

প্রতিদিনের ডেস্ক॥
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট ও তাদের দোসররা বাংলাদেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা দিয়ে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।
পবিত্র ঈদুল আজাহা উপলক্ষ্যে সোমবার চিনিশপুর জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
সংস্কার প্রসঙ্গে খায়রুল কবির খোকন বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার বা বিচারের কথা বলে নির্বাচন প্রলম্বিত করা ঠিক হবে না। ৯০ এর স্বৈরশাসক পতনের পর অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছিল। সেবার অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচন নিয়ে দেশি-বিদেশি কেউ কোনো মন্তব্য করেনি। ৫ আগস্টের পর ১০ মাস চলে গেল, সরকার এখনো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও দিন তারিখ ঠিক করতে পারেনি। তাই সরকারের প্রতি জনগণ ও নেতাকর্মীদের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টার মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। তাদের কথাবার্তাতেও অসংগতি পরিলক্ষিত হচ্ছে। তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তাই দেশে লেজে-গোবরে অবস্থার সৃষ্টি হচ্ছে। ফলে দেশে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ জলিল, আব্দুল বাসেত ভূইয়া, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূইয়া, বি.জি, রশিদ নওশের, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়