মেসিকে ছাড়াও আর্জেন্টিনা খেলতে অভ্যস্ত, বলছেন স্কালোনি

প্রতিদিনের ডেস্ক
ক্যারিয়ারের শেষ লগ্নে লিওনেল মেসি। বয়স ৩৭ হওয়ায় আর্জেন্টিনা দলে হয়তো আর দু-এক বছর খেলতে পারেন তিনি। তার অবসর নিয়ে হওয়া আলোচনা থেকে যদি আরেকটু স্পষ্ট করা হয়, তাহলে হয়তো ২০২৬ বিশ্বকাপের পরেই অবসর নিতে পারেন বার্সেলোনার সাবেক প্লে মেকার। মেসিকে ছাড়াই তাই খেলা শিখতে হবে আর্জেন্টিনাকে। বিষয়টা ধ্রুব সত্য বলেই লিওনেল স্কালোনিও তার শিষ্যদের সেভাবেই খেলতে অভ্যস্ত করছেন। দলের অধিনায়ককে ছাড়া যে খেলাটা শিখেও ফেলছেন হুলিয়ান আলভারেস-রদ্রিগো ডি পলরা তা খোদ জানিয়েছেন আর্জেন্টিনার কোচও। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার আগে তেমনটিই জানিয়েছেন স্কালোনি। তিনি বলেছেন, ‘দল এখন এমন এক মুহূর্তে আছে, মেসি থাকুক বা না থাকুক একইভাবে খেলতে পারে। আগে অভ্যস্ত হওয়াটা বেশি জটিল ছিল, ছন্দটা ধরে রাখতে বেশ কজন খেলোয়াড় পরিবর্তন করতে হতো। কিন্তু এখন এসবের কোনো প্রয়োজন হয় না। একইভাবে খেলতে পারে, যা দলের জন্য দারুণ।’ সর্বশেষ তিন ম্যাচের মধ্যে চিলির বিপক্ষে শেষ ম্যাচে মেসি বদলি নামলেও ১-০ ব্যবধানের জয়ের গোলটা প্রথমার্ধে পায় আর্জেন্টিনা। এর আগে চোটের কারণে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষেও ছিলেন না মেসি। তাকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। তারও আগে ১-০ ব্যবধানে উরুগুয়েকেও হারায় আলবিসেলেস্তারা। মেসি না থাকলেও যে দল ভালো খেলতে অভ্যস্ত সেটাই বুঝিয়েছেন স্কালোনি। তবে আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন মেসি এটা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ। তিনি বলেছেন, ‘প্রথম প্রশ্ন ছিল শুরু থেকে মেসি খেলবে কি না। সে খেলবে কোনো সন্দেহ নেই। আশা করি, তার এবং দলের খেলা সবাই উপভোগ করবেন।’
কলম্বিয়ার বিপক্ষে সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষের মাঠে হারের প্রতিশোধ এবার ঘরের মাঠে নিতে চান স্কালোনি। তিনি বলেছেন, ‘তারা দারুণ দল। সঙ্গে খেলোয়াড়রাও দুর্দান্ত। খুবই স্পষ্ট যে, তারা আমাদের সমস্যায় ফেলবে। আমরা তাদের ম্যাচ বিশ্লেষণ করেছি। তাদের শক্তি কোথায় এবং আমরা কী সুবিধা নিতে চাই তা খেলোয়াড়দের দেখানো হয়েছে। একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। বিশেষত, ম্যাচটি যেহেতু ঘরের মাঠে। তাই খেলোয়াড়দের খেলা দেখতে পারাটা আমাদের দর্শকদের জন্য দারুণ।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়