যশোরে ইয়াবা কারবারীতে ওয়াকিটকির ব্যবহার

নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও অবৈধ ওয়াকিটকি সেটসহ ফয়সাল রেজা নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। এটিই প্রথম যশোরে কোনো যুবক মাদক কারবারী নির্বিঘ্নে চালাতে ওয়াকিটকি ব্যবহার করছিলেন। এরআগে কখনো মাদক কারবারীর কাছে ওয়াকিটকি থাকার নজির নেই। বৃহস্পতিবার (৩ জুলাই ) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়নের কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা কেরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মোঃ ফয়সাল রেজাকে (৩১) আটক ও তার হেফাজত থেকে অর্থাৎ তার শয়নকক্ষ থেকে ২৪০ পিস ইয়াবা ও দুটি অননুমোদিত সচল ওয়াকিটকি সেট (ব্যাটারি ও চার্জারসহ) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ফয়সাল রেজা মৃত মহিদুল ইসলামের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৪৮৮৮০৮৬৬৬। তিনি কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায় জড়িত কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়