নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের আরএন রোড এলাকায় ইনফিনিটি শপিং মলের পাশে শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ যুবককে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি বার্মিজ চাকু, একটি সাদা রঙের প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন। আটককৃতরা হলেন—বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাদমান হক ত্বসীন, বেজপাড়া মেইন রোডের মেহেদী হাসান সজল, আরএন রোডের ইউসুফ হাসান কুতুব ও মেহেদী হাসান আরাফাত এবং বেজপাড়ার মারফ গাজী। ঘটনার পর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সবুজ বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, যৌথবাহিনীর একটি টহল দল খবর পায়—ইনফিনিটি শপিং মলের পাশে একদল যুবক অস্ত্রসহ অবস্থান করছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায়। আটকের সময় যুবকরা বেশ অসংলগ্ন আচরণ করছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাদমান ও সজলের কাছ থেকে বার্মিজ চাকু, কুতুবের কাছ থেকে একটি প্রাইভেটকার এবং অন্যদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (৭ জুলাই) সকালে আটককৃতদের যশোর আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয়দের মতে, শহরে অপরাধপ্রবণতা বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের মাঝে অস্ত্র বহন ও দাপট দেখানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
