নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কোতোয়ালি থানাধীন রোড এলাকার জনতা হাসপাতালের সামনে চোর সন্দেহে এক ব্যক্তিকে কাঠের চলা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সজীব (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। বর্তমানে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে বাবু মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন। তার পিতা আব্দুল আজিজ। স্থানীয় সূত্রে জানা গেছে, জনতা হাসপাতালের সামনে একটি অটোভ্যানের ব্যাটারি চুরি নিয়ে এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে সজীবের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি কাঠের চলা দিয়ে সজীবের মাথার উপরের অংশে (চান্দিতে) আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সজীবের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। মাথায় গুরুতর আঘাত থাকলেও সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
